অর্থনৈতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থনৈতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

মোবাইলে হাজার টাকা উত্তোলনে মাসে একবার মাশুল মওকুফ

মোবাইলে হাজার টাকা উত্তোলনে মাসে একবার মাশুল মওকুফ

প্রতীকী ছবি: এএফপিদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে কেন্দ্রীয় ব্যাংক গত ১৯ মার্চ দিনে সর্বোচ্চ এক হাজার টাকা উত্তোলনে মাশুল না কাটার নির্দেশনা দেয় মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু তাতে বড় ধরনের লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানগুলো। এ কারণে তারা প্রতিদিনের বদলে মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাশুল মওকুফ সুবিধা দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর তা পরিপালন না করা নিয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পরামর্শ করেই তারা মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাশুল মওকুফ করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত আগের নির্দেশনা প্রত্যাহার করেনি, আবার নতুন করে কোনো নির্দেশনাও দেয়নি।
করোনার প্রকোপ শুরুর পর এমএফএসের ওপর মানুষের নির্ভরশীলতা বেড়েছে। জরুরি কেনাকাটা থেকে শুরু করে টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনে বিকাশ, নগদ, রকেটের ব্যবহার বেড়েছে। তবে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা লকডাউন থাকায় কমে গেছে কেনাকাটা ও বিল পরিশোধ। ফলে লেনদেন আগের চেয়ে কিছুটা কমে গেছে।
গত ১৯ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিকাশ-রকেটের মতো এমএফএস সেবা ব্যবহার করে জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় কোনো মাশুল কাটা যাবে না। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে প্রতি মাসের লেনদেনের সীমা ৭৫ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। একই সঙ্গে দিনে একবার ১ হাজার টাকা উত্তোলনে কোনো মাশুল না কাটার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় এবং ওষুধ বিক্রয়কারী ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যক্তিগত ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংকিং ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবকে ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
এদিকে এমএফএস প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে গিয়ে তারা বড় ধরনের লোকসানে পড়ে। এজেন্টরা প্রতি লেনদেনের ভিত্তিতে কমিশন পায়। দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্ত আসার পর যেখানে ১০ হাজার টাকা একবারে উত্তোলন করা সম্ভব ছিল, সেটি না করে ১০ বারে উত্তোলন করছে। এতে লেনদেন সংখ্যা এক দিনেই কয়েক গুণ বেড়ে যায়। এ অবস্থায় প্রতি লেনদেনের ভিত্তিতে এজেন্টদের কমিশন দিতে গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে প্রতিষ্ঠানগুলোকে। তাই দিনের পরিবর্তে মাসে একবার ১ হাজার টাকা উত্তোলনে মাশুল না কাটার সিদ্ধান্ত নেয় তারা।
দেশের শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ একটি হিসাব থেকে মাসে শুধু একবার ১ হাজার টাকা উত্তোলনে কোনো মাশুল নিচ্ছে না। আর জরুরি কেনাকাটার জন্য ৫০০ টাকা লেনদেন বিনা মাশুলে করার সুযোগ দিয়েছে। বর্তমানে বিকাশ থেকে ১ হাজার টাকা উত্তোলনে সাড়ে ১৮ টাকা মাশুল কাটা হয়। বর্তমানে বিকাশে দিনে ৭৫০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

জানতে চাইলে বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম প্রথম আলোকে বলেন, ‘বিনা মাশুলে দিনে ১ হাজার টাকা উত্তোলনের সুযোগ দিতে গিয়ে আমাদের বড় লোকসান হচ্ছিল। কারণ, গ্রাহকের কাছ থেকে মাশুল না নিলেও প্রতি লেনদেনের জন্য এজেন্ট ও মোবাইল অপারেটরদের ঠিকই টাকা দিতে হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে পরে তা দিনের পরিবর্তে মাসে একবার করা হয়েছে।
ডাচ্‌-বাংলা ব্যাংকের এমএফএস রকেটও মাসে একবার ১ হাজার টাকা উত্তোলনে মাশুল মওকুফ করেছে। রকেটে ১ হাজার টাকা উত্তোলনে সাড়ে ১৮ টাকা মাশুল কাটা হয়।
জানতে চাইলে ডাচ্​-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক যেভাবে নির্দেশনা দিয়েছে, সেভাবেই মাশুল কাটা হচ্ছে। এর কোনো ব্যত্যয় হয়নি।
সারা দেশে ২ কোটি ৭০ লাখ ৮৭ হাজার গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে। দেশজুড়ে এ সেবা দিতে রয়েছে প্রায় ১০ লাখ এজেন্ট। করোনার আগে দৈনিক প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা লেনদেন হতো এ সেবায়। শীর্ষে রয়েছে বিকাশ, এরপরই ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট।

পণ্য রপ্তানিতেও বড় ধস

পণ্য রপ্তানিতেও বড় ধস


করোনাভাইরাস মহামারীর অভিঘাতে রেমিটেন্সের মতো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও বড় ধস নেমেছে।
সর্বশেষ মার্চ মাসে ২৭৩ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ কম।

আর চলতি ২০১৯-২০ অর্থবছরের নয় মাসের (জুলাই-মার্চ) হিসাবে রপ্তানি আয় কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি খুবই খারাপ। ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি আয়ে কোভিড-১৯ এর তেমন প্রভাব পড়েনি। মার্চ থেকে পড়তে শুরু করেছে। মার্চের প্রথম দিকে কিছু রপ্তানি হলেও শেষের দিকে একেবারেই কমে এসেছে। এপ্রিলে তো বড় ধস নেমেছে।”

তিনি জানান, মার্চ মাসে ১৯৭ কোটি ২২ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের মার্চের চেয়ে ২৬ দশমিক ৭ শতাংশ কম।

আর চলতি এপ্রিল মাসের ১৫ দিনে (১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল) মাত্র ১৯ কোটি ৪০ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে ৮৪ শতাংশ কম।

“যত দিন যাচ্ছে, অবস্থা ততোই খারাপ হচ্ছে। কবে যে পরিস্থিতি ভালো হবে, কোথায় গিয়ে যে শেষ হবে, কিছুই বুঝতে পারছি না। পোশাক রপ্তানি শূন্যের কোঠাতেও নেমে আসতে পারে।”

অর্থনীতির গবেষক ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড–১৯ গোটা বিশ্বকে তছনছ করে দিচ্ছে। মৃত্যু–ভয়–আতঙ্কে ন্যুব্জ হয়ে পড়েছে পৃথিবীটা। মহামারী থেকে জান বাঁচাতে বিশ্ববাসী যে অবরুদ্ধ অবস্থা তৈরি করেছে, তাতে ওষ্ঠাগত অর্থনীতির প্রাণ, যা পৃথিবীকে ঠেলে দিচ্ছে আরেকটি মহামন্দার দিকে।”

এ অবস্থায় যে রপ্তানি বাণিজ্যে বড় ধস আসবে, তা ‘অবধারিত ছিল’ বলেই মনে করেন আহসান মনসুর। তার ধারণা, সামনে আরও খারাপ সময় আসছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রপ্তানি আয়ে কমতির ধারা ছিল। অর্থ বছরের আট মাস শেষে (জুলাই-ফেব্রুয়ারি) রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেযে ৪ দশমিক ৭৯ শতাংশ কমে যায়। করোনাভাইরাস মহামারীর বিস্তার বাড়ায় এখন তা আরও কমছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার রপ্তানি আয়ের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৮৯৭ কোটি ৩৮ লাখ (২৮.৯৭ বিলিয়ন) ডলার আয় করেছে।

এই নয় মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৩৮৯ কোটি ৪০ লাখ (৩৩.৮৯ বিলিয়ন) ডলার। গত বছরের জুলাই-মার্চ সময়ে আয় হয়েছিল ৩ হাজার ৯০ কোটি ৩০ লাখ (৩০.৯০ বিলিয়ন) ডলার।

এ হিসাবে মার্চে লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ দশমিক ৬১ শতাংশ কম আয় হয়েছে। আর জুলাই-মার্চ সময়ে হয়েছে ১৪ দশমিক ৫২ শতাংশ কম।
দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। জুলাই-মার্চ পর্যন্ত সময়ে এ খাতে আয় হয়েছে ২ হাজার ৪১০ কোটি ৩৭ লাখ ডলার। এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ কম।
এই নয় মাসে লক্ষ্যের চেয়ে আয় কমেছে ১৫ দশমিক ২৯ শতাংশ।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হন গত ডিসেম্বরের শেষে। এরপর বিভিন্ন দেশে ভাইরাস ছড়িয়ে পরে।

বাংলাদেশের রপ্তানি খাতে শুরুতেই বিপাকে পড়ে চামড়া, কাঁকড়া ও কুঁচে রপ্তানির মত খাত, যারা চীনের বাজারের ওপর বেশি নির্ভরশীল ছিল।

জুলাই-মার্চ সময়ে চামড়া খাতে রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৮ শতাংশ, হিমায়িত মাছ রপ্তানি কমেছে ৪ শতাংশ।

তবে এই সংকটের মধ্যেও পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা ধরে রেখেছে বাংলাদেশ। এই নয় মাসে এ খাতের রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ।

কৃষি পণ্যের মধ্যে শাক-সবজি রপ্তানি বেড়েছে ৭৯ দশমিক ৫১ শতাংশ। চা রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ১৬ শতাংশ। তামাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ।

গত ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৫৩৫ কোটি ৮২ লাখ (৪০.৫৩ বিলিয়ন) ডলার আয় করে। তাতে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৫৫ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছিল ৪ শতাংশ।

চলতি ২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি (৪৫.৫০ বিলিয়ন) ডলার।

অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে আশার আলো জাগিয়ে রেখেছিল যে রেমিটেন্স, করোনাভাইরাস মহামারী তাতেও ছায়া ফেলেছে।

মার্চ মাসে রেমিটেন্স কমেছে গত বছরর একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩৪ শতাংশ। আর চলতি এপ্রিল মাসের অবস্থা আরও খারাপ।

এখন পর্যন্ত এপ্রিল মাসের প্রথম আট দিনের তথ্য পাওয়া গেছে। এই আট দিনে মাত্র ২০ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের এই আট দিনে পাঠিয়েছিলেন দ্বিগুণেরও বেশি; ৪৩ কোটি ডলার।